অবশেষে বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা’র সঙ্গে কথিত প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের জল্পনার জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার ব্রেট লি। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রীতি জিন্টার সঙ্গে তার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না। তারা শুধুই ভালো বন্ধু ছিলেন এবং এখনও আছেন। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হলে ব্রেট লি কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) দলে যোগ দেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। দলটির সহ-মালিক ছিলেন প্রীতি জিন্টা।
২০১০ সাল পর্যন্ত তিনি ওই দলে খেলেন। এরপর ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভিড়িয়ে নেয়। এই সময় থেকেই ব্রেট লি ও প্রীতি জিন্টার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়াতে শুরু করে। তবে এতদিন এ বিষয়ে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি অস্ট্রেলিয়ার এই তারকা। সম্প্রতি বম্বে টাইমস’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এবার শুনুন আসল খবর- আমি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। প্রীতি জিন্টা এবং আমি তখনও খুব ভালো বন্ধু ছিলাম, এখনও আছি। সে সময় তিনি পাঞ্জাব দলের মালিক ছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী একজন নারী এবং আমি তাকে খুবই সম্মান করি। তিনি আরও বলেন, এ ধরনের গল্প আমাকে কখনো বিব্রত করেনি। কারণ আমি সব সময় সত্যটা জানতাম। মানুষ যা খুশি অনুমান করতে পারে। কিন্তু আমি কখনো সেগুলোকে আমার ওপর প্রভাব ফেলতে দিইনি।
যদিও ব্রেট লি প্রায় দুই দশক ধরে এ বিষয়ে নীরব ছিলেন, প্রীতি জিন্টা ২০১০ সালেই গুঞ্জনের জবাব দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, প্রতি বছর ব্রেটের সঙ্গে আমার প্রেমের গুঞ্জন শোনা এখন খুবই পুরোনো আর একঘেয়ে খবর। তাই দুঃখিত, এখানে নতুন কোনো খবর নেই। আমরা শুধু বন্ধু- হ্যাঁ, বন্ধু!
ব্যক্তিগত জীবনে ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্প’কে বিয়ে করেন।
তাদের একটি ছেলে রয়েছে। তবে বিয়ের অল্প কিছুদিন পরই সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং ২০০৮ সালে তারা আলাদা হয়ে যান। ২০০৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এরপর ২০১৪ সালে ব্রেট লি লানা অ্যান্ডারসন’কে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। অন্যদিকে, প্রীতি জিন্টা সাম্প্রতিক বছরগুলোতে বলিউডে খুব বেশি সক্রিয় না থাকলেও বর্তমানে তিনি ‘বাটওয়ারা ১৯৪৭’ চলচ্চিত্রের শুটিং করছেন বলে জানা গেছে।
ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন সানি দেওল। সিনেমাটি ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। খেলাধুলার অঙ্গনেও প্রীতি জিন্টা এখনও সক্রিয়। তিনি আইপিএলে পাঞ্জাব কিংস-এর সহ-মালিক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলের ঘরের মাঠের ম্যাচগুলোতে প্রায়ই গ্যালারিতে উপস্থিত থেকে দলকে সমর্থন জানাতে দেখা যায়।
