কুষ্টিয়া সদর উপজেলায় সামিয়া নিঝুম (২০) নামের এক মেডিকেল কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং ই-ব্লক এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সামিয়া পাবনার চাটমোহর থানার ছোট শালিখা এলাকার আবদুস সালামের মেয়ে ও কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার সুবাদে কুষ্টিয়া শহরের ওই ভবনে একাই একটি কক্ষ সাবলেট নিয়ে বসবাস করতেন। ভবনটির দেখাশোনার দায়িত্বে থাকা রিয়াজ উদ্দিন জানান, রাতে সামিয়ার বাবা মুঠোফোনে যোগাযোগ করে মেয়ের সঙ্গে কথা বলতে না পারার বিষয়টি জানান এবং কক্ষটি খোঁজ নিতে বলেন। পরে একাধিকবার দরজায় ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙার চেষ্টা করা হয়। বিষয়টি ৯৯৯ নম্বরে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। ওই ভবনে সাবলেট থাকা কুষ্টিয়া মেডিকেল কলেজের আরেক ছাত্রী জানান, জানুয়ারির শেষের দিকে সামিয়া পাশের কক্ষটি ভাড়া নেন। পরিচয় অল্পদিনের হওয়ায় তার ব্যক্তিগত কোনো সমস্যা সম্পর্কে তারা কিছু জানতেন না। ওসি কবির হোসেন মাতুব্বার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে।
কুষ্টিয়ায় মেডিকেল কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
