খুলনার ডুমুরিয়ায় পাউবি’র জমি বিক্রি করাকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার রংপুর ইউনিয়নের আমভিটা এলাকার ফোল্ডারের পাউবি’র জমিতে। এটা নিয়ে পাউবি’র কর্তাব্যক্তিদের দিকেই অভিযোগের তীর ছুড়েছেন স্থানীয়রা। তথ্য নিলে জানা যায়, আমভিটা এলাকায় কয়েক একর জমি রয়েছে পাউবি’র। সেগুলো দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকলেও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি পাউবি কর্তৃপক্ষ। এমনকি গোপনে অনেকে অবৈধভাবে দখলে থাকা জমি বিক্রিও করেছেন। সম্প্রতি পাউবি’র উপর মন্দির থাকা জমি বিক্রি করার মতো ঘটনা ঘটেছে। সেটা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। সরজমিন গেলে দেখা যায় পাউবি’র জমির উপর নির্মিত হচ্ছে বসতবাড়ি। পরবর্তীতে অধিকতর খোঁজ নিলে জানা যায়, রংপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা প্রকাশ মণ্ডল প্রথমে জমি দখল করে। পরবর্তীতে একটি মন্দির নির্মাণ করে।
প্রকাশ মণ্ডল মারা যাওয়ার পর তারই পুত্র দিবা মণ্ডল মন্দিরের মূর্তিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। অবৈধভাবে দখলে থাকা জমি প্রায় ১১ লাখ টাকা দুইজনের কাছে বিক্রি করেছে বলে জানা যায়। ক্রেতা মো. জাফর ও নূপুর নামের দুইজন জমি ক্রয় করেছেন। কথা হলে মো. জাফর বলেন তিনি সদ্য ভারত থেকে এসেছেন। তিনি এই প্রতিবেদককে জানান তার কাছে বিক্রি করা হয়েছে ৮ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে ৮ শতকের বেশি জমি। তিনি সেখানে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন এমনকি সেখানে তিনি প্রায় ৪ লাখ টাকার মতো খরচ করেছেন। জমি কেনার আগে সমস্যা হবে বুঝতে পারেননি বলেও জানান তিনি।
নূপুরের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে বাড়িতে না থাকায় কথা বলা সম্ভব হয়নি। নিত্যানন্দ নামের একজন স্থানীয় জানানÑ দুই পয়েন্টে দুইজনের কাছে জমি বিক্রি করা হয়েছে। নামপ্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন- এখানে পাউবি’র লোকেরা আসেন তবে তারা কোনো কিছু বলেন না। মন্দিরের জায়গা বিক্রি করায় গত সোমবার একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানান, রংপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সালাম। পরবর্তীতে জমি বিক্রেতা দিবার সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেনি। বিষয়টি নিয়ে কথা বললে নির্বাহী প্রকৌশলী (পাউবি) উজ্জ্বল কুমার সেন মানবজমিনকে বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
