বগুড়ার দুই নেতা গাজী সালাহউদ্দীন তানভীর এবং শওকত ইমরানের কর্মকাণ্ডে বিব্রত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই দুই নেতার বিরুদ্ধে পৃথক দু’টি ঘটনায় আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে এনসিপি’র বহিষ্কৃত নেতা গাজী সালাহউদ্দীন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। অন্যদিকে, ছিনতাই, চাঁদাবাজি এবং অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগে এনসিপি’র বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে পদ থেকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে গাজী সালাহউদ্দীন তানভীরের বিরুদ্ধে মামলা করেছেন বগুড়া সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। গত সোমবার (৩রা আগস্ট) বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারসূত্রে জানা যায়, গত ২৯শে জুলাই গাজী সালাহউদ্দীন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য পোস্ট করেন। এটি ছড়িয়ে পড়লে জনমনে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। পরবর্তীতে পোস্টটি সরিয়ে ফেলা হলেও প্রধানমন্ত্রীর মর্যাদা ক্ষুণ্ন ও বিভ্রান্তি ছড়ানোর অপরাধে দলীয় আলোচনার ভিত্তিতে মামলাটি করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এই ঘটনার পরেই এনসিপি তানভীরকে দল থেকে বহিষ্কার করে।
এদিকে বগুড়া সদর থানায় ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনৈতিক যৌন কারবারের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার প্রেক্ষাপটে এনসিপি’র জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে দপ্তর সেল সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে উল্লেখ করা হয়, নৈতিক স্খলন ও শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। কেন তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে আগামী ২ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বরাবর লিখিত ব্যাখ্যা ও তথ্যপ্রমাণ দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
