কমলগঞ্জে মজুরি ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ

ফন্ট সাইজ:

সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর, আইন অনুসারে ভূমির মালিকানা প্রদান এবং শ্রম অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ ছাড়া চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চা শ্রমিকরা। মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানের প্রধান ফটকের সামনে সাধারণ চা শ্রমিক ও ছাত্র যুবকবৃন্দের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার প্রস্তাব উত্থাপিত হলেও তা পরবর্তীতে প্রত্যাহার করা হয়, যা চা শ্রমিকদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

তাই অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর করার দাবি জানান তারা। সমাবেশ থেকে আইননুসারে চা শ্রমিকদের ভূমির মালিকানা প্রদানের দাবি জানিয়ে বক্তারা বলেন, শ্রম অধিদপ্তরের কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ ছাড়া চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে, যাতে শ্রমিকরা স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন। এ সময় বক্তারা মাধবপুর চা বাগানের শ্রমিকদের টানা চার সপ্তাহের মজুরি বন্ধ থাকায় শত শত শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে অবিলম্বে তাদের বকেয়া মজুরি প্রদানসহ শ্রমিকদের সকল আইনসিদ্ধ পাওনা পরিশোধের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু, মাধবপুর চা বাগানের শ্রমিক আশা কির্মী, লিপা কাহার গীতা, গায়েত্রী কৈরী, সোনামণি রাজবংশী, তিলকপুর চা বাগানের জনক লাল দেশয়োরা, গোপাল যাদব প্রমুখ। একই দাবিতে মঙ্গলবার সকালে কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাগানের সাধারণ চা শ্রমিকরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন