সিলেটের জৈন্তাপুর থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে দরবস্ত বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়- রাতে গোয়েন্দা পুলিশের একটি দল দরবস্থ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে ছাল্লাইন এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৪০০০ পিস ইয়াবাসহ আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার নিকট থেকে ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলোÑ কানাইঘাট থানার ধলইমাটি এলাকার আলাউর রহমানের ছেলে মাহবুবুর রহমান ও জৈন্তাপুর থানার ছাল্লাইন এলাকার মৃত সিরাজুল হকের ছেলে হেলাল আহমদ। সিলেট জেলা গোয়েন্দা শাখা জানায়, এ ঘটনায় জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
