বেনাপোল দিয়ে ভারত থেকে ৯.২ টন কাঁচামরিচ আমদানি

ফন্ট সাইজ:

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৯ হাজার ২০০ কেজি অর্থাৎ (৯.২ টন) কাঁচামরিচ আমদানি করা হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে ভারত থেকে মরিচ বোঝাই ভারতীয় একটি ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। বন্দর সূত্রে জানা গেছেÑ বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে রাতেই আমদানিকৃত কাঁচা মরিচের চালানটি বন্দর থেকে খালাস দেয়া হয়। মরিচ আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ এবং পণ্য চালানটি খালাসের জন্য কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করেন সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট শিমু শিপিং লাইন্স। কাঁচামরিচ আমদানিকারক শাহাজান আলী জানান, প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে তার মোট খরচ হয়েছে ১৩৫ টাকা।

সামান্য লাভ রেখে বাজারে বিক্রি করা হবে। তিনি জানান, আমদানি বাড়লে বাজারে মরিচের দাম কমে আসবে। তবে কাস্টমসের হয়রানি ও পণ্য ছাড়করণে জটিলতার কারণে রাজস্ব বেশি গুনতে হচ্ছে। এতে আমদানিকারকরা লোকসানের মুখে পড়ছেন এবং আমদানি খরচ বেড়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা যায়, সরকারের অনুমতি পাওয়ার পর ভারতের বিভিন্ন প্রদেশ, বিশেষ করে নাসিক থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। গত সোমবার থেকে মরিচ আমদানি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে, স্থলবন্দরের বেনাপোল কাঁচাবাজারে মঙ্গলবার সকালে প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

বিক্রেতাদের আশা, আমদানি বাড়লে বাজারে দাম কিছুটা কমে আসবে। আমদানি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনায় দেখা গেছে, প্রতি টন কাঁচামরিচের ঘোষিত আমদানি মূল্য ২৩ হাজার ৮৭৫ টাকা, অর্থাৎ প্রতি কেজির মূল্য প্রায় ২৪ টাকা। এর সঙ্গে সরকারকে কেজিপ্রতি প্রায় ৪৫ টাকা শুল্ক দিতে হচ্ছে। সে হিসাবে আমদানি ব্যয় কেজিপ্রতি প্রায় ৭৮ টাকা হওয়ার কথা। তবে আমদানিকারকদের দাবি, পরিবহন, কাস্টমস, বন্দর, খালাসসহ অন্যান্য খরচ যোগ হওয়ায় প্রকৃত ব্যয় আরও বেড়ে যাচ্ছে। বেনাপোল স্থলবন্দরের ডিরেক্টর শামীম হোসেন জানান, ভারত থেকে ৯.২ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিক সম্পন্ন করে মরিচের চালানটি দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়।

সীমান্তের ওপারে আরও কয়েক কাঁচামরিচের ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। যা আজ মঙ্গলবার যেকোনো সময় বন্দরের প্রবেশ করতে পারে। উল্লেখ্য, দেশের বাজারে কাঁচামরিচের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এই আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন