উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অবহেলার অভিযোগ, তদন্তের আশ্বাস

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলার বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, রোগীর স্বজনের সঙ্গে অসদাচরণ ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক অসুস্থ শিশুর মা। অভিযোগকারী আরিফা আক্তার জানান, গত ৩রা আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে তার চার বছর ছয় মাস বয়সী ছেলে তীব্র শ্বাসকষ্ট, জ্বর, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হলে জরুরি চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর শিশুটিকে চিকিৎসকের কক্ষে নেয়া হলে চিকিৎসক যথাযথভাবে শিশুটিকে পরীক্ষা না করেই অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, চিকিৎসকের কক্ষে প্রবেশের পর শিশুটি কান্না শুরু করলে চিকিৎসক বিরক্ত হয়ে রোগীর স্বজনদের সঙ্গে রূঢ় আচরণ করেন এবং তাদের কক্ষ থেকে বের করে দেন। এতে শিশুটির চিকিৎসা ব্যাহত হয় এবং পরে পুনরায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। অভিযোগে আরও বলা হয়, চিকিৎসক শুধু চিকিৎসাসেবা দিতেই অনীহা প্রকাশ করেননি, বরং রোগীর স্বজনকে অপমানজনক ভাষায় কথা বলে হাসপাতাল থেকে বের করে দেয়ার চেষ্টা করেন। এতে শিশুটির শারীরিক অবস্থার পাশাপাশি পরিবারের সদস্যরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

অভিযোগকারী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদ্ঘাটন করে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেসান উল্লাহ সিকদার মানবজমিনকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন