নৌকা চুরির কথা জিজ্ঞেস করায় ডাকাতের ছুরিকাঘাতে যুবক নিহত

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতের ছুরিকাঘাতে সাজ্জাদ মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১০টায় লক্ষ্মীপুর এলাকায় ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সাজ্জাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাজ্জাদ জগন্নাথপুর লক্ষ্মীপুর ডেঙ্গু প্রধানের বাড়ির আরমান মিয়ার ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৮ বছর আগে লক্ষ্মীপুর এলাকার একই পরিবারের তিনজনকে হত্যা করে আনার ডাকাত। এছাড়াও সে একাধিক হত্যা মামলার আসামি। ত্রিপল মার্ডারে সে ১৮ বছর জেল খেটে ১ বছর আগে বাড়িতে আসে।

এসেই সে মাদক ব্যবসা ও চুরি ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়ে। ১৫ দিন আগে সাজ্জাদের মামা স্বপন মিয়ার নৌকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিন রাতে আনার ডাকাতের সঙ্গে বাকবিতণ্ডা হয় সাজ্জাদের। একপর্যায়ে আনার সাজ্জাদকে ছুরিকাঘাত করে। নিহতের বাবা আরমান মিয়া বলেন, আমার সম্বন্ধী স্বপন মিয়ার নৌকা কয়েকদিন আগে চুরি হয়। এ ঘটনায় আনারকে আটক করে জিজ্ঞাসা করা হলে সে অন্য একজনকে জড়িত দেখিয়ে পালিয়ে যায়। পরে সোমবার রাতে আমার ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করে আনার।

আমি আনারের ফাঁসি চাই। ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে- নৌকা চুরিকে কেন্দ্র করে চুরিকাঘাতের ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন