ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ এতো নিচে নামতে পারে: মুফতি রেজাউল করীম

ফন্ট সাইজ:

বিএনপি এবং জামায়াত জোট পরিষ্কার করেছে- তারা কোরআনুল কারিম বা ইসলাম অনুসারে দেশ পরিচালনা করবে না। তাদের সঙ্গে জামায়াতের জোট না হওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ এতো নিচে নামতে পারে তা চিন্তাও করা যায় না। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় চরমোনাই পীর মুফতি রেজাউল করীম প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। রেজাউল করীম বলেন, ৫৪ বছর যারা দেশ চালিয়েছিল তারা পাঁচবার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে দেশকে কলঙ্কিত করেছে; আমাদের অপমান করেছে। বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে- তারা আমাদেরকে পরিষ্কার করেছে, তারা কোরআন ও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একমাত্র আমরা পরিষ্কার করেছি কোরআন-ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবো। আমরা কিন্তু সমঝোতায় চলছিলাম। আমরা প্রথমে পাঁচদল একসঙ্গে চলছিলাম। পথচলায় সেখানে এসে যোগদান করেছিল জামায়াত। তার সঙ্গে আরও দুই-একটা দল। আমাদের ঘোষণা ছিল আমরা বাক্স দেবো ইসলামের পক্ষে একটা। কিন্তু ক্ষমতায় যাওয়ার লোভে জামায়াতে ইসলামীর নেতৃত্ব ইসলামী শরীয়াহ্ভিত্তিক রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে সরে গিয়ে ক্ষমতাপ্রেমিক হয়ে ক্ষমতার লোভে ইসলামকে সরিয়ে প্রচলিত গণতন্ত্রের নিয়ম-আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেয়। আমরা কী আর এই নিয়মে থাকতে পারি? সমঝোতায় থাকতে পারি? এজন্যই আমরা ইসলামের পক্ষের বাক্স আলাদা করার জন্যে হাতপাখা প্রতীক নিয়ে সারা দেশে ২৫৮টি আসনে নির্বাচন করছি। ক্ষমতার লোভে মানুষ এতো নিচে নামতে পারে তা চিন্তাও করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার, মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল ও কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদ প্রমুখ। জনসভায় ইসলাম, দেশ ও মানবতার পক্ষে শান্তির প্রতীক হিসেবে হাতপাখা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন-এক বাক্স নীতি’ বাস্তবায়নের মাধ্যমে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য।