অভিনেতা ব্র্যাডলি কুপার ও সুপারমডেল গিগি হাদিদকে নিয়ে নতুন জল্পনা

অভিনেতা ব্র্যাডলি কুপার ও সুপারমডেল গিগি হাদিদকে নিয়ে নতুন জল্পনা

ফন্ট সাইজ:

হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপার এবং সুপারমডেল গিগি হাদিদকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে গেছে। কেউ কেউ বলছেন, তারা গোপনে বিয়ে করেছেন। তবে এর সত্যতা জানা যায়নি। প্যারিসে গিগি হাদিদের বাম হাতের অনামিকায় আংটি পরে একসঙ্গে দেখার পর এই জল্পনা জোরালো হয়েছে। সম্প্রতি তাদের প্যারিসের রাস্তায় হাঁটতে দেখা যায়। ব্র্যাডলি কুপারের পরনে ছিল সাধারণ ভি-নেক টি-শার্ট ও গাঢ় রঙের ট্রাউজার।

অন্যদিকে গিগি হাদিদ সাদা ক্রপ টপ ও নৈমিত্তিক পোশাকে ছিলেন। দু’জনেরই বাম হাতের অনামিকায় সাধারণ নকশার আংটি দেখা যাওয়ায় সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তারা। ডেইলি মেইল জানিয়েছে, বিষয়টি জানতে ব্র্যাডলি কুপার ও গিগি হাদিদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ৩১ বছর বয়সী গিগি হাদিদ এবং ৫১ বছর বয়সী ব্র্যাডলি কুপারের পরিচয় হয় ২০২৩ সালে শিশুদের এক পার্টিতে। এরপর থেকেই তাদের সম্পর্কের শুরু। যদিও তারা ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই সংযত থেকেছেন।

সম্প্রতি নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন এই জুটি। অনুষ্ঠান শেষে তারা প্যারিসে যান। সেখানে ব্র্যাডলি কুপার তার নতুন ‘ওশানস ইলেভেন’ প্রিক্যুয়েল চলচ্চিত্রের শুটিং করছেন। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করছেন মার্গট রবি। টেইলর সুইফটের বিয়েতে আরও উপস্থিত ছিলেন সেলেনা গোমেজ, হিউ গ্রান্ট, স্টিভেন স্পিলবার্গ, জে-জি, বিয়ন্সে, টম ব্র্যাডি, এড শিরান, জেসিকা আলবা, ক্রিস রকসহ অনেক তারকা।

গিগি হাদিদ তার নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে টেইলর সুইফটকে বিয়ের প্রস্তুতির জন্য আতিথেয়তাও দেন। পরে প্যারিস থেকে ব্র্যাডলি কুপারের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ২০২৫ সালের মে মাসে জন্মদিনের ছবির অ্যালবামে দু’জনের চুম্বনের একটি ছবি প্রকাশের মাধ্যমে তারা প্রথমবারের মতো সামাজিক মাধ্যমে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন। এর দুই মাস পর পেজ সিক্স-এর এক প্রতিবেদনে একটি সূত্র জানায়, তারা খুবই সুখী এবং ব্র্যাডলি কুপার গিগির সঙ্গে বিয়ে ও সন্তান নেয়ার কথা ভাবছেন।

ব্র্যাডলি কুপারের সাবেক সঙ্গী রুশ মডেল ইরিনা শায়েক। তাদের নয় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তার নাম লেয়া দে সেইন। ২০১৯ সালে বিচ্ছেদের পরও তারা বন্ধুত্বপূর্ণভাবে সন্তানের যৌথ অভিভাবকত্ব পালন করছেন। অন্যদিকে গিগি হাদিদের সাবেক সঙ্গী সংগীতশিল্পী জেইন মালিক। তাদের পাঁচ বছর বয়সী মেয়ে ‘খাই’ রয়েছে। ২০২১ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। বর্তমানে তারাও যৌথভাবে মেয়ের দেখাশোনা করছেন।

গত বছর ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে গিগি হাদিদ ব্র্যাডলি কুপারের সঙ্গে সম্পর্ককে খুবই রোমান্টিক এবং সুখের বলে বর্ণনা করেন। তিনি বলেন, একটি সম্পর্কে আপনি কী চান এবং কী প্রাপ্য, তা জানা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এমন একজন মানুষকে পাওয়া, যিনি একইভাবে ভাবেন, সেটি একটা বিশেষ অনুভূতি। গিগি আরও বলেন, আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। ব্র্যাডলিকে একজন সৃজনশীল মানুষ হিসেবে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তিনি আমাকে সবসময় উৎসাহ ও আত্মবিশ্বাস দেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন