জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামীকাল বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। মঙ্গলবার সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে । জাদুঘর নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এসময় প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উন্মুক্ত করা হবে। একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থী প্রবেশ করলে জাদুঘর কর্তৃপক্ষের পক্ষে তা সামাল দেওয়া কঠিন হবে। তাই প্রতিদিন নির্দিষ্টসংখ্যক দর্শনার্থীর জন্য সময়ভিত্তিক স্লট বরাদ্দ থাকবে।
তিনি আরও বলেন, কেউ যদি ৬ আগস্টের জন্য বুকিং করতে চান, কিন্তু ওই দিনের সব স্লট পূর্ণ হয়ে যায়, তাহলে তাকে পরবর্তী কোনো দিনের স্লট নিতে হবে। অনলাইনে আবেদন করে যে স্লট পাওয়া যাবে, সে সময়েই দর্শনার্থীদের জাদুঘরে প্রবেশ করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
