চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে আটকে যাওয়া জাহাজ উদ্ধার

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে আটকে যাওয়া জাহাজ উদ্ধার

ফন্ট সাইজ:

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় আটকে পড়া মাল্টার পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের সহযোগিতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব জনবল জাহাজটি উদ্ধার করে নিরাপদে সাগরের বহির্নোঙর এলাকায় সরিয়ে নেয়। বন্দর সূত্রে জানা গেছে, আমদানি পণ্যের ১ হাজার ২৮২টি কনটেইনার বহনকারী জাহাজটিতে ২৪ জন নাবিক রয়েছেন। জাহাজটির স্থানীয় এজেন্ট এপিএল (বাংলাদেশ)।

এর আগে সোমবার বেলা ২টা ১৫ মিনিটে সাগর থেকে চট্টগ্রাম বন্দরের জেটিতে যাওয়ার পথে জাহাজটির স্টিয়ারিং বিকল হয়ে কর্ণফুলী নদীর মোহনার এক পাশে আটকে যায়। ঘটনার পরপরই বন্দর কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থলে দ্রুত মোতায়েন করা হয় বন্দরের জ্যেষ্ঠ পাইলট, বন্দর কর্তৃপক্ষের টাগবোট ‘কান্ডারী-২’, ‘কান্ডারী-৪’, ‘কান্ডারী-৬’ ও ‘কান্ডারী-১১’, বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট ‘শিবসা’, টানেল টাগবোট এবং বাংলাদেশ কোস্টগার্ডের টাগবোট ‘প্রমত্ত’। সমন্বিত এ অভিযানে প্রায় ১২ ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর জাহাজটি নিরাপদে উদ্ধার করে সাগরে সরিয়ে নেয়া সম্ভব হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, উদ্ধারকারী দল চরম ঝুঁকি সত্ত্বেও অসাধারণ দক্ষতা ও যৌথ সমন্বয় প্রদর্শনের মাধ্যমে রাতভর নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে জাহাজটি উদ্ধার করেন। জাহাজটি নিরাপদে বন্দরের বহির্নোঙর এলাকায় নোঙর করে রাখা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে জাহাজটি আবার জেটিতে ভেড়ানোর উদ্যোগ নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন