রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফন্ট সাইজ:

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার ও বাড্ডায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাড্ডার মোটরসাইকেল চালক হাসান (৩০) এবং ডেমরার অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন এক নারী (২৫)।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় ওই নারী আহত হন। খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান জানান, ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে সড়ক দুর্ঘটনায় এক নারী আহত হয়ে পড়ে আছেন এমন সংবাদ শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন প্রকৃতির ছিলেন। তিনি ওই এলাকায় ঘোরাফেরা করতেন। ভোরে কোনো একটি যানবাহনের ধাক্কায় তিনি আহত হন। তার পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মধ্য বাড্ডা ইউটার্নের সামনে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল চালক হাসান (৩০) গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. মুন্না জানান, তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মির্জানগর গ্রামে। বর্তমানে পরিবারসহ তারা রাজধানীর বাড্ডা এলাকায় বসবাস করতেন। হাসান ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পৃথক দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন