স্টেজ শো-নতুন গানে সরব ন্যান্সি

স্টেজ শো-নতুন গানে সরব ন্যান্সি

ফন্ট সাইজ:

গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বেছে বেছে বড় শোগুলোতে অংশ নিচ্ছেন তিনি। পাশাপাশি সিনেমা, নাটক ও অডিও গানে নিয়মিত কণ্ঠ দিচ্ছেন। সবশেষ ‘দম’ সিনেমায় এ গায়িকার গাওয়া ‘প্রহর’ গানটি বেশ প্রশংসিত হয়েছিল। অন্যদিকে, নিজের চ্যানেলে প্রকাশিত কন্যা রোদেলার সঙ্গে ন্যান্সির গাওয়া ‘কেন’ গানটিও পছন্দ করেছেন শ্রোতারা। এরইমধ্যে কামরুজ্জামান রোমানের ‘শিকার’ নামের সিনেমায় ‘দু’জন মিলে বাঁচবো এক জীবন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এতে তার সহশিল্পী আরেক জনপ্রিয় গায়ক ইমরান। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান।

অন্যদিকে, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’তে একটি গান গেয়েছেন ন্যান্সি। এখানেও তার সহশিল্পী ইমরান। ‘ওরে প্রিয়া প্রিয়া প্রিয়া রে’ শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। লিখেছেন কবির বকুল।
এর বাইরে আরও একাধিক সিনেমা ও অডিও গানে কণ্ঠ দেয়ার কথা রয়েছে এ সংগীত তারকার।

এ বিষয়ে তিনি বলেন, খুব বেশি যে কাজ হচ্ছে তা কিন্তু নয়। তবে যে কাজগুলো করেছি, সেগুলো নিয়ে আমি আশাবাদী। হয়তো শ্রোতাদের ভালো লাগবে। আরও বেশ কিছু গানের প্রস্তাব রয়েছে। ব্যাটে-বলে মিলে গেলে সেগুলোতেও হয়তো পাওয়া যাবে আমাকে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন