ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনে নির্বাচনকে কেন্দ্র করে সরগরম নির্বাচনী মাঠ। প্রার্থীদের নানামুখী তৎপরতায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে গ্রামগঞ্জের প্রতিটি জনপদে। স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে এ আসনে ত্রিমুখী লড়াইয়ের জোরালো আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনী মাঠে মূল আলোচনায় রয়েছেন তিন হেভিওয়েট প্রার্থীÑ মোতাহার হোসেন তালুকদার (ধানের শীষ), ১১ দলীয় জোটের মুফতি মুহম্মদুল্লাহ (রিকশা প্রতীক) শাহ শহিদ সারোয়ার (স্বতন্ত্র- ঘোড়া প্রতীক)। ভোটের সমীকরণ ও পরিসংখ্যানে ৫ লাখ ৭৩ হাজার ৩৯ জন ভোটারের এই বিশাল নির্বাচনী এলাকায় জয়ের মালা পরতে প্রার্থীরা এখন নির্ঘুম প্রচারণায় ব্যস্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট ভোটার ৫,৭৩,০৩৯ জন। পুরুষ ভোটার ২,৯২,৫১৭ জন। নারী ভোটার ২,৮০,৫২০ জন। ভোটকেন্দ্র ২৭৪টি। উপজেলাভিত্তিক ভোটার ফুলপুরে ২,৯৫,৪৬২ জন এবং তারাকান্দায় ২,৭৭,৫৭৭ জন। মাঠে প্রার্থীদের তৎপরতায় বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার দলীয় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে নিয়মিত গণসংযোগ করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতির চাকা সচল করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। ১১ দলীয় জোটের মুফতি মুহম্মদুল্লাহ জোটবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে শক্ত অবস্থান তৈরি করেছেন। রিকশা প্রতীক নিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন এবং জোটের সুসংহত ভোটব্যাংক নিশ্চিত করতে কাজ করছেন। এ ছাড়া, শাহ শহিদ সারোয়ার (স্বতন্ত্র) নিজের ব্যক্তিগত জনপ্রিয়তা ও দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতিকে পুঁজি করে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি পরিবর্তনের ডাক দিচ্ছেন। জয়-পরাজয়ের নির্ণায়ক স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে নারী ও তরুণ ভোটারদের রায়। এ ছাড়া, আওয়ামী লীগ সমর্থকদের ভোট কোনদিকে যায়, সেটিও হবে একটি বড় ফ্যাক্টর। দলীয় আনুগত্য, জোটের প্রভাব এবং প্রার্থীর ব্যক্তিগত ইমেজের ওপর ভিত্তি করেই শেষ পর্যন্ত নির্ধারিত হবে কে হাসবেন শেষ হাসি। হাট-বাজার থেকে শুরু করে চায়ের দোকান- সর্বত্রই এখন আলোচনা তুঙ্গে, কে হবেন তারাকান্দা-ফুলপুরের পরবর্তী কাণ্ডারি!
ময়মনসিংহ-২ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
