ইনফান্তিনোর পুননির্বাচন থেকে প্রথম দেশ হিসেবে সমর্থন প্রত্যাহার ওয়েলসের

ইনফান্তিনোর পুননির্বাচন থেকে প্রথম দেশ হিসেবে সমর্থন প্রত্যাহার ওয়েলসের

ফন্ট সাইজ:

সুশাসন ও নেতৃত্বের ব্যর্থতার কারণ দেখিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুননির্বাচন থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহার করেছে ওয়েলস। এর মাধ্যমে প্রথম কোনো দেশ হিসেবে ইনফান্তিনোর আগামী ২০২৭-২০৩১ মেয়াদের প্রার্থিতার বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (এফএডব্লিউ)।

এর আগে ফিফার প্রতিযোগিতায় ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত সিদ্ধান্তের কারণে ইনফান্তিনোর ওপর থেকে আস্থা হারায় বিভিন্ন দেশের ফুটবল সংস্থা। তীব্র সমালোচনার মুখে শনিবার ফিফা সেই বাণিজ্যিক পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। আগামী বছরের মার্চে মরক্কোর রাবাতে ফিফা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়ে এফএডব্লিউ-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘ফুটবলের সর্বোচ্চ স্বার্থকে প্রাধান্য দিতে ব্যর্থ হওয়া এমন একটি বিষয়, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। সুশাসন, প্রক্রিয়া ও নেতৃত্বে ব্যর্থতার কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের বাণিজ্যিক অধিকার বিক্রির প্রস্তাবটি করে ফিফা। ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামের এই নতুন সহযোগী কোম্পানির মাধ্যমে প্রায় ৪০০ কোটি ডলার তোলার পরিকল্পনা ছিল সংস্থাটির। তবে এই উদ্যোগের তীব্র বিরোধিতা করে ফুটবল বিশ্ব।
পরিস্থিতি সামাল দিতে অবশেষে পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়ে ইনফান্তিনো বলেন, ‘এই প্রকল্প এমন কিছু বিভাজন তৈরি করেছে, যা আমাদের মূল লক্ষ্যের সঙ্গে আর সংগতিপূর্ণ নয়। আমাদের উদ্দেশ্য সবসময়ই ঐক্যবদ্ধ করা এবং উন্নতি করা। ফলস্বরূপ, এই প্রস্তাবটি আর এগোবে না।’

ব্যক্তিগত বিনিয়োগের লোভনীয় এই পরিকল্পনা শেষ পর্যন্ত ভেস্তে যাওয়ায় ফিফার অন্দরে সভাপতি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সংকট আরও ঘনীভূত হয়েছে। ওয়েলসের এই সাহসী পদক্ষেপ বিশ্ব ফুটবলের অন্য দেশগুলোর মধ্যেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন