আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি অস্বীকার করলো ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসমাঈল বাঘেই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মূহুর্তে ইরান কোনো আলোচনায় বসেনি। রয়টার্সের বরাতে এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
এর আগে গতকাল রোববার ট্রাম্প বলেন, সোমবার ইরানের সঙ্গে আলোচনা হতে পারে। এনিয়ে সোমবার বাঘেই বলেন, আলোচনার ইস্যুতে কোনো ধরনের প্রতিনিধিদল পাঠাতে বা স্বাগত জানাতে ইরানের কোনো পরিকল্পনা নাই। আমাদের এই মুহূর্তে মনোযোগ ওমানের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে আলোচনা।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বাঘেই বলেন, আমরা এখন উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি পথে সমঝোতায় পৌঁছাতে যাচ্ছি– যা উত্তরের পথও নয়, দক্ষিণের পথও নয় বরং এমন একটি পথ যা উভয় পক্ষের সার্বভৌম অধিকারকে সম্মান করে এবং আমাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করে।
রোববার ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং সৌদি আরবসহ উপসাগরীয় মিত্রদের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন সামরিক হামলার নির্দেশ দেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটি ফোনালাপও হয়েছিল বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি যুবরাজকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কী চান, আমরা হামলা চালাই, নাকি না চালাই? তারা বলেছে, আমরা হামলার পরিবর্তে একটি সমঝোতা বা চুক্তিই বেশি পছন্দ করব, কারণ এসব হামলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাবে, তা কেউ জানে না।
