ইরানে ২০০০ পাউন্ডের বোমা ফেলেছে মার্কিন বাহিনী

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট

ইরানে ২০০০ পাউন্ডের বোমা ফেলেছে মার্কিন বাহিনী

ফন্ট সাইজ:

ইরানের দক্ষিণাঞ্চলে কেশমে দ্বীপে গত বৃহস্পতিবার মুহুর্মুহু হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেখানে একটি বাড়িতে বিশাল আকারের বোমা দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। ভিডিও, ছবি এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা এই তথ্য নিশ্চিত করেছেন।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সেদিনের হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রী এবং তাদের দুই বছর বয়সী সন্তান নিহত হয়েছেন। এ ছাড়া এই পরিবারের আরও দুই সন্তানকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের দাবি, মার্কিন বাহিনী অঞ্চলটির একটি বাড়িতে ২০০০ পাউন্ডের বোমা দিয়ে হামলা চালায়। এখন প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র কেন সেখানে এতো বড় বোমা দিয়ে হামলা চালালো।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী যে অঞ্চলটিতে সেদিন হামলা চালিয়েছে সেটি ইরানের দক্ষিণাঞ্চলে হরমুজ প্রণালির কাছে ঘনবসতিপূর্ণ এলাকা।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যে পরিবারের ওপর হামলা চালানো হয়েছে তার আশেপাশে কোনো সামরিক স্থাপনা নেই। সেই সঙ্গে হামলায় ইরানের কোনো সামরিক বাহিনীর হতাহতের ঘটনাও ঘটেনি।

ইরানি কর্মকর্তারা বলেছেন, হামলা কারণে অন্তত ২০টি পরিবার ঘরছাড়া হয়েছে। এ ছাড়া হামলার কারণে ঘটনাস্থল থেকে ২০০ ফিট দূরেও ধ্বংসাবশেষ এবং ক্ষতিগ্রস্ত গাড়ি দেখা গেছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, একইদিনে মার্কিন হামলায় শহরটির বাইরে ইরানের দুইটি অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়েছে। এনিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে, তারা বৃহস্পতিবার ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। তবে বেসামরিক ব্যক্তি নিহতের ঘটনায় প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেনি।

এ ছাড়া দুই হাজার পাউন্ডের বোমা ব্যবহারের বিষয়টিও এড়িয়ে গেছে।
তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, আমরা বেসামরিক ব্যক্তি হতাহতের বিষয়ে অবহত আছি এবং এবিষয়ে তদন্ত করছি।
তিনি জোর দিয়ে বলেন, মার্কিন বাহিনী কখনো বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে না।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা স্থগিত রয়েছে। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগির নতুন করে ইরানের সঙ্গে আলোচনা শুরু হতে যাচ্ছে। তবে তিনি চুক্তির বিষয়ে কোনো সময়সীমা উল্লেখ করেননি।

এদিকে ইরান জানিয়েছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন