২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এবার দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলো’তে যোগ দিতে চিলি পৌঁছেছেন। তাকে বরণ করে নিতে বিমানবন্দরে ভিড় করেন অসংখ্য সমর্থক। ৪০ বছর বয়সী ভোজিনহা এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেননি। তবে রোববার তিনি চিলির রাজধানী সান্তিয়াগোতে পৌঁছান। সোমবার তার মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে এরপরই কোলো-কোলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে। এ খবর দিয়েছে অনলাইন মারকা।
গত দুই মৌসুমে ভোজিনহা পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব জি.ডি. শাভেস-এর হয়ে খেলেছেন। কোলো-কোলোতে যোগ দিলে তিনি আগের তুলনায় বেশি পারিশ্রমিক পাবেন এবং দক্ষিণ আমেরিকার অন্যতম জনপ্রিয় ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখানোর সুযোগও পাবেন। ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে তার অসাধারণ পারফরম্যান্স তাকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। চিলির বিমানবন্দরে তার আগমনের ভিডিও ইতিমধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, শত শত কোলো-কোলো সমর্থক তাকে স্বাগত জানাতে জড়ো হয়েছেন। গণমাধ্যমকর্মী ও নিরাপত্তাকর্মীদের বেষ্টনীর মধ্য দিয়ে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। সাংবাদিক রদ্রিগো গোমেজ ফ্লোরেসের তথ্য অনুযায়ী, মেডিকেল পরীক্ষায় কোনো জটিলতা না থাকলে খুব শিগগিরই ভোজিনহার সঙ্গে কোলো-কোলোর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে।
