বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

ফন্ট সাইজ:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন- ওই এলাকার শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও নাতি ফাহিম। সোমবার (৩ আগস্ট) সকাল ৬টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে থাকা বালুর বস্তার মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা তিনজন অগ্নিদগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে।

দগ্ধ হনুফার বেগমের ছেলে জামাল বলেন, ‘ঘরের পাশে থাকা বালুর বস্তার মধ্যে একটি বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে আমার মা সহ বোন ভাগিনার শরীরে আগুন ধরে যায়। পরে ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে তারা ঝাঁপিয়ে পড়ে। তবে তাদের শরীরের সব কাপড় পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তবে বোমা কোথা থেকে আসলো এ বিষয়ে আমাদের কিছুই জানা নেই।’

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন