ভারতে উত্তর প্রদেশের গাজিয়াবাদে ৪০ বছর বয়সী এক মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি একটি আবাসিক ভবনের পঞ্চম তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত চিকিৎসকের নাম ডা. হেমিকা আগরওয়াল। রোববার গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশন এলাকার অফিসার্স সিটি-২ আবাসনের পঞ্চম তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
পরিবারের দাবি, প্রায় দেড় বছর আগে বিবাহবিচ্ছেদের পর থেকে ডা. হেমিকা মানসিক চাপ ও বিষণ্নতায় ভুগছিলেন। তার পিতা, গাজিয়াবাদের প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডা. আর. চন্দ্র জানান যে, বৈবাহিক সম্পর্কের অবসানের পর থেকেই তার মেয়ের মানসিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছিল। পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের বক্তব্য নেয়া হচ্ছে এবং ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত পর্যালোচনা করা হচ্ছে। এ পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।
ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পারভেজ
১ ঘন্টা আগেবিশেষজ্ঞের এই অবস্থা! ভাগ্যিস এ কোন দেশের অর্থনৈতিক উপদেষ্টা নয়