সরকারে আছেন বলে ক্ষমতার অপব্যবহার করবেন না

সরকারে আছেন বলে ক্ষমতার অপব্যবহার করবেন না

ফন্ট সাইজ:

বিএনপি’র মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারে আছেন বলে কেউ যেন ক্ষমতার অপব্যবহার করবেন না। কারও কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়, দখলদারিত্ব কিংবা দাম্ভিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবাইকে বিনয়ী হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষের বিপদ-আপদে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। যারা ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে, তাদের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে আর কোনো রাস্তা কাঁচা রাখা হবে না। জেলায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প ইতিমধ্যে অনুমোদন হয়েছে। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের কল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য। গতকাল বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশন, সালন্দরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা ১৫ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। অনেক নেতাকর্মীকে বছরের পর বছর আদালতে হাজিরা দিতে হয়েছে। আল্লাহ আবার সুদিন ফিরিয়ে দিয়েছেন। এখন মানুষের জন্য কাজ করে তাদের ভালোবাসাকে স্থায়ী করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা চেয়ারম্যান ও মেম্বার হতে চান, তারা আগে মানুষের ভালোবাসা অর্জন করুন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, দেখেশুনে সৎ ও যোগ্য মানুষকে ভোট দেবেন, যারা আপনাদের জন্য কাজ করবে।’ তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ বিএনপি’র প্রতি আস্থা রেখেছেন। তাদের সহযোগিতা করতে হবে এবং তাদের কল্যাণে কাজ করতে হবে। ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো কোনো রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘ফ্রি আই ক্যাম্প-এর উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভৌগোলিকভাবে নেপাল আমাদের খুব দূরে নয়। সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অর্থাভাবে চোখের সুচিকিৎসা নিতে পারেন না। এই চক্ষুশিবিরের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবেন। ভবিষ্যতে এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হবে বলে আমি আশা করি। ‘সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত চক্ষুশিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় রোগ নির্ণয় সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএস-এর চেয়ারম্যান প্রফেসর ডা. চেত রাজ পান্ত এবং বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. আবু মো. খায়রুল কবির।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন