চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমাম-মুয়াজ্জিন দুইজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন পুরাতন ডিটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২) এবং চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫)।
জয়নাল আবেদীন ইছাখালী ইউনিয়ন, ৯নং ওয়ার্ড ওলামা দলের সভাপতি ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, জরুরি একটি কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা দুইজন। পথে জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাফায়াত হোসেন জানান, আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। বিষয়টি পুলিশ ও স্বজনদের জানানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
