গাইবান্ধা জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। রোববার দুপুরে পূর্বঘোষণা ছাড়াই তিনি জেলা সদর আধুনিক হাসপাতালে উপস্থিত হন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। হঠাৎ মন্ত্রীর এই সফরের খবরে স্থানীয় স্বাস্থ্য বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ এবং চিকিৎসাসামগ্রী সংরক্ষণ কক্ষ ঘুরে দেখেন।
তিনি সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও খাবার ব্যবস্থার বিষয়ে সরাসরি খোঁজ নেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে মন্ত্রী হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও বাড়াতে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, বিএনপি’র সভাপতি ও প্রশাসক জেলা পরিষদ মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, বিএনপি’র সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়কসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
