জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে হবিগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা আয়োজিত ‘জুলাই বিপ্লবের চেতনা ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ মতবিনিময় সভায় জেলা ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। সভায় বক্তব্য রাখেনÑ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখলিছুর রহমান, জেলা সেক্রেটারি মহসিন আহমদ, জামায়াত নেতা এডভোকেট হারুন, এডভোকেট নজরুল ইসলাম এবং আতিকুর রহমান সোহাগ প্রমুখ। বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার বিকল্প নেই। সমাজে সত্য, ন্যায় ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা দেশের স্বার্থ, গণমানুষের অধিকার এবং নৈতিক মূল্যবোধ রক্ষায় সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় বক্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
