পানিতে পড়ে লামিছা নামের ১২ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া সায়দুল্লাহ মিয়ার ডাকবাংলোর পেছনে চণ্ডিবের খালে পড়ে তার মৃত্যু হয়। নিহত লামিছা উত্তরপাড়া এলাকার মাসুম মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, তিন কিশোরীকে নিয়ে সায়দুল্লাহ মিয়ার ডাকবাংলোর পেছনে চণ্ডিবের খালে গোসল করতে যায় লামিছা। খালে নেমে পানিতে ডুব দিয়ে লামিছা না উঠলে সহপাঠীরা ডাক চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা দৌড়ে এসে আধা ঘণ্টার চেষ্টায় লামিছাকে উদ্ধার করে। মৃত অবস্থায় লামিছাকে বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে লামিছার খালু সবুজ মিয়া বলেন, লামিছা স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। তার বাবা একজন সবজি বিক্রেতা। বাবা-মাকে না বলেই গোসলে গিয়েছিল লামিছা। সেখানে পানিতে পড়ে মৃত্যু হয়। তিনি আরও বলেন, লামিছার বাবা পরিবার নিয়ে উত্তরপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। লামিছার পৈতৃক বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। সেখানেই লামিছার দাফন কাফন সম্পন্ন করা হবে।
