হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদলের ১১ নেতাকর্মী অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ মামলার ১১ আসামি হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগনিজেন্স-৩ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত মামলার মেডিকেল সার্টিফিকেট (এমসি) দাখিল না হওয়া পর্যন্ত আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল বলেন, আদালতে আমরা তুলে ধরেছি যে মামলাটিতে ঘটনার তারিখ, সময় এবং কোন আসামি কাকে কীভাবে আঘাত করেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো বর্ণনা নেই। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছেন।
উল্লেখ্য, গত ২৮শে জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পরদিন ২৯শে জুলাই যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুয়েল বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় ছাত্রদলের ১১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
