জয়পুরহাটে ছোট ভাই হত্যায় বড় ভাইয়ের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে বড় ভাই অশোক কুমার দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার বিকালে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত অশোক কুমার দাস পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছেলে। ?মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৬ই নভেম্বর দুপুরে কামারশালায় কাজ শেষে দোকানের সামনের বেঞ্চে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন সিদ্ধেশ্বর। এ সময় বড় ভাই অশোক ঘটনাস্থলে এসে দোকানের ভারী হাতুড়ি দিয়ে ছোট ভাই সিদ্ধেশ্বরের মাথায় সজোরে আঘাত করেন। স্থানীয় লোকজন তাকে প্রতিহত করার চেষ্টা করলে অশোক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সিদ্ধেশ্বরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১০ সালের ২৯শে মার্চ তিনি মারা যান। ?এ ঘটনায় নিহতের স্ত্রী কামনা রানী বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন