সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিতব্য এই বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে সংবিধান সংশোধন কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, প্রথম বৈঠকে পরিচিতিমূলক আলোচনা হবে। আলোচনার বিষয়বস্তু প্রথম বৈঠকের পরই জানা যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হওয়ার দু’দিন আগে গত ১৩ই জুলাই সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে সংবিধান সংশোধনের জন্য ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। চিফ হুইপ নূরুল ইসলাম মনি সংবিধান সংশোধন বিশেষ কমিটির নাম সংসদে উপস্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। ১৭ সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নেয়া হলেও বিরোধী দল নাম না দেয়ায় ১২ সদস্যের কমিটি গঠন করা হয়। বিরোধী দলের জন্য পাঁচটি পদ শূন্য রাখা হলেও এখন পর্যন্ত কমিটিতে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি- এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিস কোনো নাম দেয়নি।
কমিটির অন্য সদস্যরা হলেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপি’র সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক রুবেল, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি’র সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলিউল্লাহ।
১৯৭২ সালের ১১ই এপ্রিল স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া তৈরির জন্য ৩৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। এরপর বিভিন্ন সরকারের সময় সংবিধান সংশোধন করা হয়।
