‘বোমা আতঙ্ক’ নিয়ে উদ্বেগের কিছু নেই- স্বরাষ্ট্রমন্ত্রী

ফন্ট সাইজ:

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগ ঘিরে সৃষ্ট ‘বোমা আতঙ্ক’ নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ ১ম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা বলেন। তিনি জানান, সর্বশেষ উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগগুলোতে কোনো বিস্ফোরক ছিল না। সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং তা কোনোভাবেই বিপজ্জনক নয়। তবে আগস্ট মাস ঘিরে একটি বিশেষ গোষ্ঠীর তৎপরতা থাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

যেসব পরিত্যক্ত ব্যাগ পাওয়া গেছে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে কোনো বোমার অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত জননিরাপত্তার স্বার্থে কোথাও কোনো পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা মেনে সেগুলো পরীক্ষা করে থাকে। তবে এর আগে আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে আলাদাভাবে তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গত ৫-৬ মাসের অপরাধপ্রবণতার পরিসংখ্যান টেনে মন্ত্রী বলেন, আনুপাতিক হারে ও তুলনামূলক বিচারে দেশে বর্তমানে এ ধরনের অপরাধ বা নাশকতার পরিমাণ অনেকটাই কম।

পরিস্থিতি কোনোভাবেই উদ্বেগজনক নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিতে ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’ ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে। নাশকতার যেকোনো পরিকল্পনা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। আগস্ট মাসে বিশেষ সতর্কতা জারির কারণ হিসেবে মন্ত্রী জানান, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী যাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, চলতি আগস্ট মাসে তাদের কিছু রাজনৈতিক কার্যক্রম ও তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। এ কারণেই মূলত সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন