রূপগঞ্জে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা গণসংযোগ, মিছিল ও পথসভা করেছেন। সোমবার দুপুরে উপজেলার সাওঘাট বেবিস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় তিনি বলেন, শান্তি, প্রগতি ও সহাবস্থানের রাজনীতিতে জনগণ জামায়াতে ইসলামীর ওপর আস্থা রাখে এবং তাদের রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন সারা দেশের পাশাপাশি রূপগঞ্জের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রূপগঞ্জের প্রধান সমস্যা হিসেবে তিনি ভূমিদস্যুতার কথা উল্লেখ করেন। তার দাবি, জামায়াতে ইসলামী নির্বাচিত না হলে রূপগঞ্জের আদিবাসীদের বাড়িঘর নিরাপদ থাকবে না। তাই নিজের পৈতৃক ভিটে ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ শাসন কায়েমের আহ্বান জানান তিনি। পথসভায় দলের কেন্দ্রীয় সদস্য ও জেলা আমীর মাওলানা আব্দুল জাব্বারসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তারা ঢাকা-সিলেট মহাসড়কে গণমিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করেন।