ঢাবি’র হল এজিএসের রুমে দুই অতিথির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ, ক্যাম্পাসে উত্তেজনা

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের কক্ষে তার দুই অতিথির বিরুদ্ধে সমকামিতায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়। ঘটনার তদন্তে ইব্রাহীম খলিলের হলের সিট সাময়িকভাবে বাতিল করে প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও মারামারির ঘটনাও ঘটে। গত ২৭শে জুলাই রাতে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের এজিএস ইব্রাহীম খলিলের কক্ষে তার দুই অতিথিকে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই তরুণকে ঘটনার বিষয়ে বক্তব্য দিতে ও ক্ষমা চাইতে দেখা যায়।

ইব্রাহীম খলিলের সিট সাময়িকভাবে বাতিল করে শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ইব্রাহীম খলিলের সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. তাওকির হাসান বলেন, তারা এজিএসের কাছে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন। এজিএস ও তার রুমমেটের বক্তব্য শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইব্রাহীম খলিল বলেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমার রুমেই একটি ঘৃণ্য অপরাধ সংঘটিত হয়েছে যা সম্পর্কে আমি পূর্বে বিন্দুমাত্র কিছু জানতাম না। আমার মায়ের মামাতো ভাই নোয়াখালী থেকে এসেছিল।

এ ঘটনার পর গতকাল শহীদুল্লাহ হল এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। ওই দিন বিকাল সাড়ে চারটার দিকে হলের প্রভোস্ট কার্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রশিবির ও হল সংসদের নেতৃবৃন্দের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিকাল সাড়ে ৬টায় মধুর ক্যান্টিনে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন