গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইসবপুর দ্বি-মুখী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. রেজাউল করিমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির একাধিক অভিযোগ ওঠার পরও বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। তার সীমাহীন অভিযোগের তথ্য-প্রমাণ থাকলেও দীর্ঘ এক বছরেও বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়নি। যার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকসহ স্থানীয় সচেতন মহল। সম্প্রতি ওই মাদ্রাসায় গিয়ে দেখা যায়, সুপার রেজাউল করিমের নানা অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ সামাবেশ কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। তার দীর্ঘ অনুপস্থিত আর দুর্নীতির কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ইসবপুর দ্বি-মুখী ইসলামীয়া দাখিল মাদ্রাসায় সুপার মুহা. রেজাউল করিম গোপনে অবৈধভাবে পরিচালনা কমিটি গঠনসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। পরবর্তী এই কমিটি বাতিল করে শিক্ষা বোর্ড।
সেইসঙ্গে শিক্ষকদের বেতন স্কেল বৃদ্ধির নামে টাকা গ্রহণ ও জেনারেল ফান্ডের অর্থ আত্মসাৎ করেছেন তিনি। এ ছাড়াও একাধিক শিক্ষক-কর্মচারীকে শোকজ দিয়ে লাখ লাখ টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে সেই শোকজ প্রত্যাহার করে নিয়েছেন তিনি। শুধু তায় নয়, অভিযুক্ত সুপারের ছেলে তানভীরুল ইসলামকে ২০২৫ সালে একইসঙ্গে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী দেখিয়ে প্রক্সির মাধ্যমে তাকে পাস করিয়ে নিয়েছেন। আর এই ছেলেকে তার মাদ্রাসায় কর্মচারী হিসেবে নিয়োগ দেয়ার পাঁয়তারা করছেন এই সুপার। একইসঙ্গে টানা দুই মাসের হাজিরা স্বাক্ষর একইদিনে সম্পাদন করার অভিযোগও রয়েছে। আর ভুয়া কমিটি বাতিল হলেও গত ৬ মাস ধরে কমিটি গঠন করা হয়নি।
এ ছাড়া প্রতিষ্ঠানের নামীয় জমি লিজের নামে অর্থ আত্মসাতের ঘটনাও রয়েছে। এসব অভিযোগ লিখিতভাবে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ ও ইউএনও’র কাছে জমা দেয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, দুর্নীতির অভিযোগ থাকা কোনো প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে দ্রুত তদন্ত হওয়া উচিত। অভিযোগ সত্য প্রমাণিত হলে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কমে যাবে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, অভিযোগের কারণে প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তি হলে শিক্ষক-শিক্ষার্থী সবার জন্যই ইতিবাচক হবে। এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা সুপার রেজাউল করিমের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ওই সুপারের বিরুদ্ধে সর্বশেষ গত মাসে ইউএনও বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে। কিন্তু এই অভিযোগ তিনি আমলে না নিয়ে শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা ছাড় করছেন। যা খুবই রহস্যজনক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ বলেন, কয়েক মাস আগে সুপার রেজাউল করিমের বিরুদ্ধে অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে। অভিযোগের সঠিকতা আছে বলে তদন্তে প্রতীয়মান হয়েছে। এ জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা প্রহণ করা যেতে পারে। এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, ওই সুপারের বিরুদ্ধে কোনো অভিযোগের বিষয় জানা নেই। প্রতিষ্ঠানটির বেতন-ভাতা ছাড় করা হচ্ছে।
