‘দাওয়াত ও তাবলীগের কাজে ঐক্যবদ্ধ হই, ইমান-আমান ও নৈতিক সমাজ গড়ি’- এ প্রতিপাদ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকাল ৫টায় ছোট কুমিরার আনন্দ কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ৭ নম্বর কুমিরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কুমিরা ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ও সমাজসেবক মো. জসিম উদ্দিনের নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থীদের নামও ঘোষণা করা হয়। কুমিরা ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা ইদ্রিস হাক্কানির সভাপতিত্বে ও সেক্রেটারি এম. ইলিয়াছের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আলা উদ্দিন সিকদার।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ তাহের চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিনসহ ৯ ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করেন। বক্তারা ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জুলুম, দখলদারিত্ব ও চাঁদাবাজমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে জুলাই অত্যুত্থানের শহীদদের স্মরণে এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
