যশোরের চৌগাছায় এইচএসসি ২য় বর্ষের ছাত্রী (১৮)কে ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি (২২)কে আটক করেছে পুলিশ। রাব্বি চৌগাছার ১নং ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের মো. সেলিম রেজার ছেলে। গত শনিবার রাত ৯টার দিকে মেয়েটির লিখিত অভিযোগের ভিত্তিতে রাব্বিকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে।
জানা গেছে, মেয়েটি জাতীয় পরিচয়পত্র করার জন্য আরাফাত হোসেন রাব্বির শরণাপন্ন হয়। গত শনিবার সরকারি ছুটি, উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকার পরও রাব্বি সকাল ৯টার দিকে তাকে চৌগাছা শহরে নিয়ে আসে। পরে রাব্বি মেয়েটিকে ভুলভাল বুঝিয়ে তার পূর্ব পরিচিত চৌগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের নিরিবিলিপাড়ার বাসিন্দা জনৈকা জাহানারা বেগমের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে একটু সুস্থ বোধ করলে মেয়েটি সেখান থেকে নিজের বাড়িতে চলে যায় এবং পুরো ঘটনাটি তার বাবা-মাকে জানায়। এর প্রেক্ষিতে মেয়েটির মা ও মেয়েসহ সন্ধ্যায় চৌগাছা থানায় এসে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই চৌগাছা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুস সাত্তারসহ পুলিশ সদস্যরা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে আটক করে। চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভিকটিমকে মেডিকেলে পাঠানো হয়েছে এবং আটক রাব্বিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
