হঠাৎ বন্ধ এস আলমের ১১ কারখানা

হঠাৎ বন্ধ এস আলমের ১১ কারখানা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের কর্ণফুলী শিল্পাঞ্চলে অবস্থিত এস আলম গ্রুপের ১১টি উৎপাদনমুখী কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কাঁচামাল আমদানিতে দীর্ঘদিনের জটিলতা, এলসি খুলতে না পারা এবং আর্থিক সংকটের কারণ দেখিয়ে নেয়া এ সিদ্ধান্ত আগামী ১লা আগস্ট থেকে কার্যকর হবে। ফলে প্রায় আড়াই হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক চাকরি হারাচ্ছেন। বৃহস্পতিবার গ্রুপটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। এর মধ্য দিয়ে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে পরিচিত এস আলম গ্রুপের কর্ণফুলী শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম কার্যত থেমে গেল। দীর্ঘদিন ধরে সীমিত পরিসরে চলা চিনি, সিমেন্ট, ভোজ্য তেল, স্টিলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান শেষ পর্যন্ত উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে।

এস আলম গ্রুপের সিনিয়র ম্যানেজার (এইচআরডি) মোহাম্মদ হোসেন রানা জানান, ২০২৪ সালের ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে ব্যাংকগুলো এলসি সুবিধা না দেয়ায় বিদেশ থেকে কাঁচামাল আমদানি প্রায় বন্ধ হয়ে যায়। ফলে একে একে উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তিনি বলেন, শুরুতে কিছু কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই করা হলেও গত প্রায় দুই বছর অবশিষ্ট প্রায় আড়াই হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। তবে দীর্ঘ সময়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিপুলসংখ্যক কর্মীর বেতন বহন করা সম্ভব হয়নি। তাই স্থায়ীভাবে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বোনাস, গ্র্যাচুইটি ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়েছে। ভবিষ্যতে কারখানা পুনরায় চালু হলে আগের শ্রমিক ও কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, এস আলম স্টিল, চেমন স্টিল, গ্যালকো স্টিল, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম ব্যাগ লিমিটেডসহ কর্ণফুলী শিল্পাঞ্চলে অবস্থিত গ্রুপটির সব উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন