ময়মনসিংহের নান্দাইলে সন্ত্রাসবিরোধী ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনসহ ১৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। গত শনিবার নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। ?জানা যায়, ৩১শে জুলাই রাত সাড়ে ১০টার দিকে ৩নং নান্দাইল ইউনিয়নের রসুলপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠক করছিলেন।
খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকেই চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো- ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জান্নাত উল্লাহ ও জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা আমিনুল ইসলাম শাহীন এবং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছিল। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
