রংপুরে নারীর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে আরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ওই যুবককে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আরিফুল রংপুর নগরীর হারাগাছ পৌর এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন।
তিনি জানান, আরিফুল ইসলাম গত ১২ই জুলাই তার প্রতিবেশী এক নারীকে ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করে এবং ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে। স্বামী-সন্তান ও সামাজিক সম্মান রক্ষায় টাকাও দিতে রাজি হয় ওই নারী। কিন্তু গত ২৪শে জুলাই ওই নগ্ন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে আরিফুল। এ ঘটনা জানাজানি হলে শনিবার ভুক্তভোগী ওই নারী থানায় আরিফুল ইসলামের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল অভিযুক্ত আরিফুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় সুবিধা গ্রহণ ও মর্যাদাহানির উদ্দেশ্যে পর্ণোগ্রাফি তৈরি ও সামাজিক যোগাযোগমাধমে ছড়িয়ে গণ-উপদ্রব সৃষ্টি করার অপরাধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরিফুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
