রিয়াদের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরির অংশ এবং হুতিদের ঠেকাতে এই জোটে বাংলাদেশ যোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হুমায়ুন কবির আরও বলেন, সৌদির সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। আমরা সৌদির সঙ্গে সম্পর্ককে কেবল হজ-ওমরার মধ্যেই সীমাবদ্ধ রাখছি না। কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং ঢাকা ও রিয়াদের সম্পর্ক হবে কৌশলগত এবং মজবুত।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো সময় যদি সৌদি আরব নিরাপত্তার ক্ষেত্রে কোনো সহায়তা চায়, বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ নৈতিক ও আদর্শিক জায়গা থেকে সবসময়ই সাড়া দেবে এবং সহায়তা করবে। মূলত এটি সেখানে হুতি চ্যালেঞ্জ মোকাবিলার জন্য। অন্যদিকে, আমরা কিন্তু ইরানের সঙ্গেও কথা বলছি। সুতরাং এমন নয় যে, ইরানকে আক্রমণ করতে হবে।
জোটে বাংলাদেশের অংশগ্রহণ কেমন হবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, হুতিদের মোকাবেলা করতে যে ধরনের সহায়তা লাগবে, বাংলাদেশের যে ‘রিসোর্সেস’ রয়েছে, সে অনুযায়ী আমরা সেটা দেব। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ৪৩টি দেশের সামরিক প্রতিনিধি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের অংশগ্রহণে এক আন্তর্জাতিক সম্মেলন শেষে ওই জোটের ঘোষণা দেয়া হয়। যার প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে বাংলাদেশও।
