রংপুর বিভাগে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এ স্কুল থেকে অংশ নেয়া ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জনই বৃত্তি পেয়েছে। আর সাঘাটা উপজেলায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ৫১ জনের মধ্যে ২৪ জনই এই বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ছাড়া সাধারণ গ্রেডে পাওয়া ৫০ জনের মধ্যে ৬ জন অর্জন করেছে।
স্থানীয় অভিভাবক ও শিক্ষাবিদদের মতে, জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্যের মূল কারিগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম সোহাগ। তার অনন্য কর্মদক্ষতা, একাগ্রতা, উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি এবং সুদৃঢ় ব্যবস্থাপনা এক সাধারণ গ্রামীণ বিদ্যালয়কে দেশের অন্যতম সেরা প্রাথমিক বিদ্যালয়ে পরিণত করেছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশ, অতিরিক্ত যত্ন এবং শিক্ষক অভিভাবক মেলবন্ধন তৈরিতে তার কারিশমা পুরো রংপুর বিভাগেই প্রশংসিত হচ্ছে।
ঈর্ষণীয় এই ফলাফলে বিদ্যালয়জুড়ে এখন বইছে আনন্দের জোয়ার। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই যে এই সাফল্যের চাবিকাঠি, তা উঠে এসেছে তাদের যৌথ বক্তব্যে। শিক্ষক শহিদুল ইসলাম, তাপুসী খাতুন, জান্নাতুল ফেরদৌস এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রুবাইয়া আক্তার মোবাশ্বিরা ও সিনহা আক্তার এক যৌথ প্রতিক্রিয়ায় জানান, এই ঐতিহাসিক সাফল্য তাদের কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার ফসল। প্রধান শিক্ষকের সঠিক দিকনির্দেশনা এবং নিরলস তদারকি তাদের প্রতিনিয়ত অনুপ্রেরণা জুগিয়েছে।
