পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন রজ্জবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
রোববার সকালে বাঁশবাড়িয়া এলাকায় আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- রজ্জবিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাহাবুব, ইংরেজি শিক্ষক আনিচুর রহমান, মাওলানা ওবায়দুল, এলাকাবাসী মো. মফিজুর রহমান ও মো. বশার ফরাজি প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ পথচারীদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় পরিণত হয়। তখন যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। তারা আরও বলেন, রাস্তাটি দ্রুত পাকা করা হলে এলাকার শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধন শেষে স্থানীয়রা রাস্তার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন।
