আইনমন্ত্রীর কড়া নির্দেশনার পর শৈলকুপায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান

ফন্ট সাইজ:

সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামানের জিরো টলারেন্স নীতি ও কড়া নির্দেশনার পর ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় চলছে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান। আইনমন্ত্রীর কঠোর হুঁশিয়ারির পর নড়েচড়ে বসা শৈলকুপা থানা পুলিশ গত ৮ মাসে উপজেলার বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়ে ১০২টি মামলায় মোট ১৭১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। শৈলকুপা থানা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত পরিচালনা করা এসব স্পেশাল ড্রাইভে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

যার মধ্যে রয়েছে সর্বমোট ২ হাজার ৫৩৬ পিস ইয়াবা, প্রায় ১৬ কেজি ৮৫৪ গ্রাম গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল এবং ১৭টি ভাং গাছ। মাসওয়ারি পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালের ডিসেম্বরে ১১টি মামলায় ১২ জনকে গ্রেপ্তারসহ ৮৭ পিস ইয়াবা ও ৩.৫ কেজি গাঁজা, ২০২৬ সালের জানুয়ারি মাসে ১৭টি মামলায় ২১ জন গ্রেপ্তারসহ ২৫৪ পিস ইয়াবা ও ১.৫ কেজি গাঁজা, ফেব্রুয়ারিতে ১২টি মামলায় ২২ জন গ্রেপ্তারসহ ৪৫৯ পিস ইয়াবা ও ১৪০ গ্রাম গাঁজা, মার্চে ১৩টি মামলায় ২১ জন গ্রেপ্তারসহ ১৬৯ পিস ইয়াবা, ৯.৫ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল ও ১৭টি ভাং গাছ, এপ্রিলে ১৩টি মামলায় ২১ জন গ্রেপ্তারসহ ১৮৫ পিস ইয়াবা ও ৩৩৯ গ্রাম গাঁজা, মে মাসে ১০টি মামলায় ১৪ জন গ্রেপ্তারসহ ২৮৩ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা, জুনে ১২টি মামলায় ৩০ জন গ্রেপ্তারসহ ২৪৫ পিস ইয়াবা ও ১.২২৫ কেজি গাঁজা এবং জুলাই মাসে ১৪টি মামলায় ৩০ জন গ্রেপ্তারসহ ৮৫৪ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ঝিনাইদহ ও শৈলকুপার বিভিন্ন সভা-সমাবেশে আইনমন্ত্রী আসাদুজ্জামান স্পষ্ট জানিয়ে দেন যে, সমাজে কোনো মাদক কারবারি ও সন্ত্রাসীর স্থান হবে না। মন্ত্রীর এই প্রত্যক্ষ নির্দেশনার পর শৈলকুপাকে মাদকমুক্ত করতে মাঠে নামে পুলিশ। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, আইনমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। কোনো মাদক কারবারি বা সেবনকারীকে ছাড় দেয়া হচ্ছে না এবং জনসাধারণের সহযোগিতায় শৈলকুপাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন