ইনফান্তিনোর অবস্থান এখন আর গ্রহণযোগ্য নয়: ইউরোপিয়ান লীগ প্রধান

ইনফান্তিনোর অবস্থান এখন আর গ্রহণযোগ্য নয়: ইউরোপিয়ান লীগ প্রধান

ফন্ট সাইজ:

ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত ও ব্যর্থ উদ্যোগের পর জিয়ান্নি ইনফান্তিনোর বর্তমান অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইউরোপের পেশাদার ফুটবল লীগগুলোর প্রধান ক্লডিয়াস শেফার। সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ‘সন্ট্যাগস জেইতুং’-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যেভাবে ফিফার মূল নীতিনির্ধারক মহলকে অন্ধকারে রেখে এই গোপন পরিকল্পনা এগিয়ে নেয়া হয়েছে, তাতে যেকোনো সংস্থায় এর একটাই পরিণতি হওয়ার কথা।

বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারত্ব বিক্রির এই পরিকল্পনা তীব্র প্রতিবাদের মুখে পড়ার পর গত শুক্রবার ফিফা তা বাতিল করতে বাধ্য হয়। তবে এর মধ্যেই উয়েফা এবং কনকাকাফের মতো শক্তিশালী আঞ্চলিক কনফেডারেশনগুলো ইনফান্তিনোর ওপর থেকে অনাস্থা প্রকাশ করেছে। সুইজারল্যান্ড ফুটবল লীগের প্রধান নির্বাহী ও ইউরোপিয়ান লীগ প্রধান শেফার সাক্ষাৎকারে বলেন, ‘যখন দেখলাম যে পুরো বিষয়টি কীভাবে সামনে এলো এবং ফিফার মূল অঙ্গসংগঠনগুলো এতে জড়িত ছিল না, তখন যেকোনো কোম্পানি বা সংস্থায় মূলত একটাই পরিণতি হওয়ার কথা।’ এই পরিণতি মূলত পদত্যাগ বা পদ থেকে অপসরণ।

ইনফান্তিনোর পদ এখন আর গ্রহণযোগ্য কি না- এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, ‘কোম্পানির কেউ যখন অন্য কাউকে না জানিয়ে এমন একটি বাণিজ্যিক চুক্তি এগিয়ে নেয়, তখন স্বাভাবিকভাবেই এই পরিণতিই হওয়ার কথা।’
শেফার আরও উল্লেখ করেন, ফিফার মূল লক্ষ্য এখন অন্য কোনো তৃতীয় পক্ষের জন্য মুনাফা সর্বোচ্চ করা। অতিরিক্ত ম্যাচের চাপে খেলোয়াড়দের ক্লান্তির পাশাপাশি এমনিতেই ঠাসা ঘরোয়া লীগের সূচি চরমভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, “কেউ এই পরিকল্পনা সম্পর্কে জানত না, এমনকি ফিফার সর্বোচ্চ নীতিনির্ধারক বডি ‘ফিফা কাউন্সিল’-ও নয়। সভাপতি এই বিষয়ে সম্পূর্ণ একা একা কাজ করেছেন দেখে আমি খুব অবাক হয়েছি।”

ফিফার এই নজিরবিহীন পদক্ষেপে ইউরোপিয়ান লীগগুলোর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ইনফান্তিনো তার ভুল শুধরে নেয়ার চেষ্টা করলেও বিশ্ব ফুটবলের মূল অংশীজনদের আস্থা ফেরানো তার জন্য এখন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন