‘যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত’

ফন্ট সাইজ:

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী উপকরণ সুরক্ষা এবং যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকায় একমাত্র স্ট্যাটিক ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কোস্ট গার্ড দায়িত্ব পালন করছে। সোমবার দুপুর ১২টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরের আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চাঁদপুর-২ নির্বাচনী (চরাঞ্চল) এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের দায়িত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ এবং নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাসমূহে মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ অন্তর্র্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করেছে। নির্বাচন উপলক্ষে গত ১৮ই জানুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ডের প্রায় ৩ হাজার ৫৮৫ সদস্যের ১০০টি প্লাটুন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকাসমূহে মোতায়েন রয়েছে। কোস্ট গার্ড মহাপরিচালক বিশেষভাবে উল্লেখ করে বলেন, ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব উত্তর, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকার মোট ৩৯টি ভোটকেন্দ্রে কোস্ট গার্ড সদস্যরা নিয়মিত নৌপথে টহল, বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করছে। এর আগে সকাল ১০টায় মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫৮নং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন কোস্ট গার্ড মহাপরিচালক। মতবিনিময়কালে তিনি ভোটাধিকার প্রয়োগে ভোটারদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান এবং নির্বাচনকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্ব ও প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।