দুই মেট্রো স্টেশনে ‘রহস্যজনক’ বস্তু, আতঙ্ক

দুই মেট্রো স্টেশনে ‘রহস্যজনক’ বস্তু, আতঙ্ক

ফন্ট সাইজ:

মতিঝিল ও আশুলিয়ায় তাজা বোমা ও আইইডি (ইনপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধারের পর এবার ঢাকার ব্যস্ততম দুই মেট্রোরেল স্টেশনে সন্দেহজনক বস্তু। ফার্মগেট ও মিরপুর মেট্রোস্টেশন এলাকায় পরিত্যক্ত দুটি বস্তা ঘিরে আতঙ্ক তৈরি হয়। পুলিশি পাহারায় সাময়িকভাবে স্টেশনগুলোতে চলাচল সীমিত করা হয়। ঘটনাস্থলে যায় বোম্ব ডিসপোজাল ইউনিট। পরীক্ষা করে দেখা যায় বস্তুগুলো আসলেও বিপজ্জনক কিছু নয়। গতকালের এ ঘটনার আগে গত ২৪শে জুলাই সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার শোভাযাত্রা অতিক্রম করার সময়ে মতিঝিল মেট্রোরেল স্টেশনের সামনে পড়ে থাকা একটি বিস্ফোরক উদ্ধার করে নিষ্ক্রিয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল সকালে রাজধানীর মিরপুর মেট্রোস্টেশনের দ্বিতীয়তলায় একটি বড় শপিংব্যাগ পড়ে থাকতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকেই ধারণা করেন- পরিত্যক্ত ওই ব্যাগের মধ্যে বোমা থাকতে পারে। এরপরই সকাল ১০টা ৫০ মিনিটের দিকে পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। স্টেশনে যাত্রী চলাচলও সীমিত করা হয়। সিটিটিসি’র বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক্স-রে মেশিনসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়- সন্দেহজনক ওই ব্যাগের মধ্যে কোনো বিস্ফোরক দ্রব্য নেই। আছে পান, সুপারি ও জর্দার কৌটা। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচেও পড়ে থাকা একটি বস্তাকে ঘিরে বোম আতঙ্ক তৈরি হয়। সেখানে গিয়েও বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা করে জানায়- বস্তার ভেতর শুধু ময়লা-আবর্জনা ছিল। কোনো ক্ষতিকর কিছু ছিল না। তবে এর বাহ্যিক গঠন আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট ছিল।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল বলেছেন, মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমা উদ্ধারের ঘটনার সঙ্গে মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোস্টেশনের নিচ থেকে উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তুর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি বলেন, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে পাওয়া ব্যাগে পান, জর্দাসহ কিছু সাধারণ জিনিসপত্র ছিল। সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। আর ফার্মগেটে পাওয়া বস্তার মধ্যে ছিল পরিত্যক্ত ময়লা-আবর্জনা। তাই এ দুটি ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এ ধরনের ঘটনায় কোনো অপরাধী চক্র জড়িত কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আমরা সবদিক খতিয়ে দেখছি। জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন