জুলাই আন্দোলনের চেতনাকে আন্ডারমাইন করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে

জুলাই আন্দোলনের চেতনাকে আন্ডারমাইন করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে

ফন্ট সাইজ:

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রচিত আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছে ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা বিভাগ আইসিএস পাবলিকেশনস।
এ উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও চেতনাকে আন্ডারমাইন করার যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। একই সঙ্গে গবেষণা, সাহিত্য, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে জুলাইয়ের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার আহবান জানান বক্তারা।

অনুষ্ঠানে ‘রক্তে ভেজা সবুজ ডানা’, ‘এক মুঠো রোদ’, ‘আমার জুলাই’, ‘জুলাই বাংলা বর্ণমালা’, ‘জুলাই স্মৃতি (দ্বিতীয় খণ্ড)’, ‘জুলাই রেভল্যুশন ওয়ালস সহ আটটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, জুলাইকে ঘিরে ষড়যন্ত্রের যাত্রা শুরু হয়েছে। বিভিন্নভাবে জুলাইয়ের চেতনাকে আন্ডারমাইন করার চেষ্টা চলছে। এর মধ্যে সবচেয়ে বড় অপচেষ্টা হলো জুলাই আন্দোলনকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানো। এ ধরনের বিভাজনমূলক রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয়। তিনি বলেন,জুলাই ছিল আপামর জনসাধারণের আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেছিলেন। তাই জুলাই আন্দোলনের বিরুদ্ধে দেশের ভেতরে বা বাইরে কোনো ষড়যন্ত্র হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াব।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম জুলাই অভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, আমরা শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম এবং জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে অতীতের বিভিন্ন ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। তিনি বলেন,আজকের এই আয়োজনের উদ্দেশ্য হলো সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে জুলাই আন্দোলনের ইতিহাস জাতির সামনে তুলে ধরা। গবেষণা, সাহিত্য, গল্প-উপন্যাস ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে আগামী প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের স্মৃতি ও চেতনা পৌঁছে দেয়া সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম বলেন, জুলাইকে বাদ দিয়ে আমাদের পথচলা যেন না হয়। জুলাইকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আন্দোলনের প্রথম দিন থেকেই ক্যাম্পাসে ক্যাম্পাসে পরীক্ষা বর্জনের কর্মসূচির মাধ্যমে ইসলামী ছাত্রশিবির জুলাই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে মাঠে নেমেছিল।
ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, একটি জাতির ইতিহাস শুধু ইতিহাসগ্রন্থে নয়, উপন্যাস, নাটক, শিল্প ও সাহিত্যেও স্থান পাওয়া উচিত। তিনি বলেন, জুলাইয়ের পাশাপাশি দীর্ঘদিনের দুঃশাসনের চিত্র এবং জুলাই থেকে জন্ম নেয়া জনগণের দাবি-আকাঙ্ক্ষাও সাহিত্য ও সংস্কৃতিতে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কবি, কথাসাহিত্যিক ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ, লেখক, শিক্ষক ও গবেষক অধ্যাপক সাইফুল আরেফিন লেনিন, কথাসাহিত্যিক কবি সোলায়মান আহসান, লেখক জুয়ায়ের হুসাইন এবং জুলাই শহীদ নাসির হাসান রিয়ানের পিতা মো. গোলাম রাজ্জাক প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন