‘কোনে প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না’

‘কোনে প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না’

ফন্ট সাইজ:

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে দেশের প্রতিটি নাগরিক উন্নয়ন ও অগ্রযাত্রার সমান অংশীদার হবে। শনিবার রাজধানীর গ্রীন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আয়োজিত ‘যুব প্রতিবন্ধীদের জন্য জাতীয় তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিবন্ধিতা কোনো সীমাবদ্ধতা নয়। সঠিক সুযোগ, প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী তরুণ-তরুণীরাও দেশের ডিজিটাল রূপান্তর ও উন্নয়নে সমানভাবে ভূমিকা রাখতে পারে।

সরকার তাদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে সমাজের কোনো শ্রেণির মানুষ পিছিয়ে থাকবে না। সবার জন্য প্রযুক্তির সমান সুযোগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, জাতীয় তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতা প্রতিবন্ধী তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

ভিয়েতনামে অনুষ্ঠিতব্য বৈশ্বিক তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিরা দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। আয়োজকরা জানান, জাতীয় তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতার দশম আয়োজনে চারটি বিভাগে মোট ৭০ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী বিভাগে ২১ জন, শারীরিক প্রতিবন্ধী বিভাগে ২৫ জন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিভাগে ১৫ জন এবং স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধকতা বিভাগে ৯ জন ছিলেন। চার বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়। চার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মো. শাকিল মিয়া, শেখ ইয়ামিন আহসান, নাহিন সিরাজ ও আরিয়ান ইসলাম। তারা আগামী অক্টোবরে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য যুব প্রতিবন্ধীদের জন্য বৈশ্বিক তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পেয়েছেন। মন্ত্রী চার প্রতিযোগীকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন