গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, ‘এ সরকার মাত্র পাঁচ মাসে দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি করেছে। গ্যাস না থাকলেও প্রতি মাসে বিল দিতে হচ্ছে।’
শুক্রবার আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সংঘর্ষে চোখ হারানো আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের।উপর হামলা বিষয় তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘হামলাকারীর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। সরকার বার্তা দিল, ছাত্রদল যুবদল চাইলে যে কাউকে মারতে পারে, তার কোনো প্রতিবাদ হয় না। এলাকায় গেলে সরকারি দলের এমপিদের আসল চরিত্র বোঝা যায়।’
অভিযোগ করে তিনি বলেন, ‘সন্ত্রাস-চাঁদাবাজ ও দখলদারিত্বে চারদিকে ছেয়ে গিয়েছে। ১২টি প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়েছে।’
এসময় আহত আলিফের স্বাস্থ্যের সবশেষ অবস্থার তথ্য জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘শনিবারের (০১ আগস্ট) বোর্ড মিটিংয়ের পরে আলিফের স্বাস্থ্যের ব্যাপারে জানাবেন চিকিৎসক।’
