বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বেসরকারি বার্তা সংস্থা ইউএনবিকে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানায়, উভয় পক্ষের মধ্যে একটি ‘ভালো’ বৈঠক হয়েছে। তবে বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
তিনদিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও গর। সফরের প্রথম দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠক শেষে উভয় পক্ষই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নেয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।
সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্জিও গরের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে ভারতের হাইকমিশনারের সঙ্গে এই বৈঠক কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এর আগে গত ২৫শে জুন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানান সার্জিও গর। সে সময় তিনি বলেছিলেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
এদিকে শুক্রবার ১৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন সার্জিও গর। কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ার ক্যাম্প-৪এ গিয়ে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং রোহিঙ্গাদের জন্য পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম সরজমিন পরিদর্শন করেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্র জানিয়েছে, সফরকালে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি ও চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।
